ভারতে বেকারত্বের হার ও শিক্ষা ব্যবস্থার অনিয়ম ঘিরে ক্ষোভ এখন নতুন মাত্রা পেয়েছে। তরুণ প্রজন্মের গড়ে তোলা কাল্পনিক সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’ বা তেলাপোকা পার্টি এখন ভারতীয় রাজনীতিতে বড় আলোচনার বিষয়।সামাজিক মাধ্যমে মাত্র কয়েক সপ্তাহে এর অনুসারী সংখ্যা ২ কোটি ২০ লাখ ছাড়িয়ে গেছে।ঘটনার সূত্রপাত মে মাসে। সুপ্রিম কোর্টের এক বিচারপতির মন্তব্য ঘিরে তরুণদের মধ্যে অসন্তোষ দানা বাঁধে। সেই ক্ষোভকে কেন্দ্র করে রাজনৈতিক যোগাযোগ কৌশলবিদ অভিজিৎ দিপকে এই প্ল্যাটফর্মটি চালু করেন। অবহেলিত ও হতাশ তরুণদের কণ্ঠস্বর তোলাই এর মূল লক্ষ্য।
অনলাইনের এই জনপ্রিয়তা দ্রুত রাজপথে রূপ নিয়েছে। গত শনিবার দিল্লির জন্তর মন্তরে এক বিশাল যুব সমাবেশে কয়েক হাজার তরুণ তেলাপোকার মুখোশ পরে ও প্রতিবাদী প্ল্যাকার্ড হাতে অংশ নেয়। শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ শিক্ষা খাতের সংস্কারের দাবি ওঠে এই সমাবেশ থেকে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি সরকারের জন্য সতর্কবার্তা। ভারতের ৬৫ শতাংশ মানুষের বয়স ৩৫ বছরের নিচে, অন্যদিকে নীতিনির্ধারকদের বড় অংশের বয়স ৬০ থেকে ৭০ বছরের ঊর্ধ্বে। উচ্চশিক্ষিত যুবকদের মধ্যে বেকারত্বের হার ২৯ শতাংশ এবং ঘনঘন প্রশ্নপত্র ফাঁসের ঘটনা তাদের ভবিষ্যৎ অনিশ্চিত করে তুলেছে।
বাংলাদেশ ও নেপালের সাম্প্রতিক পরিস্থিতির দিকে ইঙ্গিত করে বিশ্লেষকরা বলছেন, এই আন্দোলনকে অবহেলার সুযোগ নেই। বিজেপি শুরুতে একে কৌতুক হিসেবে উড়িয়ে দিলেও দিল্লির রাজপথে তরুণদের উপস্থিতি মোদি সরকারের রাজনৈতিক স্থিতিশীলতার সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।